ভারতে ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫০ কোটি রুপি উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৯

ভারতের উত্তর প্রদেশের কানপুরে পীযূষ জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ কোটি রুপি উদ্ধার করেছে আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানে। কানপুরের আয়কর বিভাগ যে ছবি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে রুপি গুনছেন।

অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। যেখানে নোট রাখা হয়েছে ছোটছোট বাক্সে। আয়কর দপ্তর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়েছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছিলেন। কর্মকর্তারা জানান, ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার রুপির ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে পীযূষের সংস্থার বিরুদ্ধে।

আয়কর বিভাগের কর্মকর্তারা প্রথমে আনন্দপুরীত পীযূষের বাড়িতে তল্লাশি চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। পীযূষের সুগন্ধি দ্রব্যের ব্যবসা। সেই সঙ্গে তার কোল্ড স্টোর, পেট্রোল পাম্পেরও ব্যবসা রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি