২০১০ সাল থেকে প্রতিবছর ‘দলছুট’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আয়োজন করা হচ্ছে ‘সঞ্জীব উৎসব’। টিএসসির সঞ্জীব চত্বরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের দশম আয়োজন। যাতে বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে সঞ্জীব চৌধুরীর গান-কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেবো’।
জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় প্রকাশিতব্য বইটিতে সঞ্জীব চৌধুরীর প্রকাশিত সব লিরিক স্হান পেয়েছে এক মলাটে। বইটি প্রকাশ করছে আজব প্রকাশ।
এছাড়া এবারের উৎসবে ১০ রকমের পরিবেশনায় গান করবেন শুভযাত্রা, জয় শাহরিয়ার, সাবকনশাস, বে অব বেঙ্গল, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, সুহূদ স্বাগত, দুর্গ, ইন্ট্রোয়েট ও বিস্কুট। উৎসবটি আয়োজনে করছে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি আজ বিকেল ৪টায় শুরু হবে।
সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেলো সঞ্জীব দা নেই। উৎসবেরও দশ বছর পেরিয়ে গেল। সঞ্জীব উৎসব দাদাকে ভালোবেসেই করা। এ উৎসবের মূল উদ্দেশ্য যারা দাদাকে কাছে পায়নি, তাদের কাছে তার গান ও দর্শন পৌঁছে দেওয়া।’
উল্লেখ্য, আমি তোমাকেই বলে দেবো, রঙ্গিলা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো, চাঁদের জন্য গান, স্বপ্নবাজি প্রভৃতি কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে সঞ্জীব চৌধুরীর নাম। এছাড়াও গাড়ি চলে না, বায়োস্কোপ, কোন মিস্তরি নাও বানাইছে শিরোনামের গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। পাশাপাশি তিনি ছিলেন ‘দলছুট’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা।
ব্যান্ডটির ৪টি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর করেছেন তিনি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ২০০৭ সালের ১৯ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/বিএএফ

মঞ্চায়িত হলো ‘পিয়ার আলির ভাঙা মুখ’