কেএফসির সুস্বাদু হট উইংস খেতে কার না ভালো লাগে। জিভে জল আনা সেই হট উইংসে কামড় বসাতে গিয়েই আঁতকে উঠলেন ব্রিটেনের এক নারী। দেখলেন মুরগির ডানা নয়, আস্ত মুরগির মাথা দিয়েই তৈরি করা হয়েছে কেএফসির এই পদটি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক খবর।
এক টুইট বার্তায় ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলেন জানিয়েছেন, জনপ্রিয় রেস্তোরাঁ চেন কেএফসি-র হট উইংস অর্ডার করে তিনি পেয়েছেন আস্ত এক মুরগির মাথা! পালক, ঠোঁট, চোখ সহ সেই মুরগির মাথা ভেজে দিয়ে দিয়েছে রেস্তোরাঁ। এমনই অভিযোগ তুলেছেন ওই গ্রাহক। তারপর থেকেই প্রশ্ন উঠে গিয়েছে কেএফসি-র খাবারের মান নিয়ে।
ইন্ডিপেনডেন্ট ডট কম ডট ইউকে এর এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ ডিসেম্বর টেকআওয়ে ট্রমা নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলের এই আজব অভিজ্ঞতার কথা শেয়ার করে। পোস্ট করা হয় মুরগির মাথা দেওয়া কেএফসি-র খাবারের ছবিটিও। যেখানে উল্লেখ করা হয়, কেএফসি থেকে মিল বক্সের অর্ডার করেছিলেন গ্যাব্রিয়েল। বক্স খুলে হট উইংসে কামড় বসাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয় তাঁর। হট উইংসের বদলে ঠোঁট-পালক সহ আস্ত একটি মুরগির মাথা খুঁজে পান গ্যাব্রিয়েল। যা নিয়ে হইচই পড়ে যায় নেটপাড়ায়। জনপ্রিয় ফ্রায়েড চিকেন রেস্তোরাঁ চেনের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
টুইটার ছবিটি ভাইরাল হতেই তা নজরে আসে কেএফসির।এই বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়। বিবৃতি কেএফসি কর্তৃপক্ষ বলে, 'আমরাও এই ছবিটি দেখে বিস্মিত। হতভম্ব। আমরা এই ঘটনার তদন্ত করছি। তবে এটুকু বলতে পারি আমরা আসল মাংস দিয়েই আমাদের সমস্ত পদ তৈরি করি। এবং এই জন্যই আমরা গর্বিত। যথেষ্ট যত্ন নিয়ে আমাদের রেস্তোরাঁগুলিতে পদ তৈরি করা হয়। এরকম ঘটনা সত্যিই বিরল।' পাশাপাশি অভিযোগকারী গ্যাব্রিয়েলের কাছেও ক্ষমায় চেয়েছে কেএফসি। গ্যাব্রিয়েল এবং তাঁর গোটা পরিবারকে কেএফসি-র পক্ষ থেকে বিনামূল্যে একদিন খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে রেস্তোরাঁর রান্নাঘরে উপস্থিত থেকে পদটি তৈরির গোটা প্রস্তুতি নিজের চোখে দেখার জন্যও আবেদন করা হয়েছে। কেএফসি-র বক্তব্য, 'আমরা আশাবাদী গ্যাব্রিয়েল আবার আমাদের রেস্তোরাঁকে ফাইভ স্টার রেটিং দেবেন।'
yum yum @KFC_UKI pic.twitter.com/hnTm8urQ3x
— Takeaway Trauma (@takeawaytrauma) December 20, 2021
