ফুলবাড়ীতে কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩

ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে হিমেল বাতাস বইছে। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। 

শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে ২৫ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭২ শতাংশ ছিল বলে জানায় আবহাওয়া অফিস। 

জানা যায়, ফুলবাড়ী পৌরশহরসহ আশপাশের হাটবাজারের শীতের কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সাবধানে যাতায়াত করছে। দিনেও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টায় ২৫ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ; সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ কিলোমিটার ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি ১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। দিন-রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। 

রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে, আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ। শীতের কারণে দিনমজুর ও ক্ষেতমজুররা ঠিকমতো কাজ করতে পারছেন না। রিকশাভ্যান শ্রমিকরা কাজে আসছেন বেলা বাড়ার পর থেকে। শীতের কারণে জনশূন্য থাকছে শহরগুলো। শীতে গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে অসহায় দুস্থ মানুষরা।

দেবীগঞ্জে জেঁকে বসেছে শীত

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। লোকজন বাসা-বাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/এএএম