সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ১১ পরিবার তার বিরুদ্ধে সোনারগাঁওয়ের ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ঐ এলাকার নিরীহ মানুষের জমি বিচার-সালিশের নাম করে অংশীদারদের কাছ থেকে অংশ কিনে পুরো জমি দখলে নিয়েছেন। প্রতিবাদ করলেই শুরু হয় তাদের ওপর নির্যাতন। এ বিষয়ে একাধিকবার বারদী ইউনিয়ন পরিষদে বিচার দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর আরো অভিযোগ, আলী আজগরের ৯ ভাই। তাদের গোষ্ঠীর লোক বেশি। এ এলাকায় এমন কোনো অপকর্ম নেই তারা করেননি। জমি দখল, চুরি করা গরু ক্রয়, ডাকাতির লুট করা চাল ক্রয়, শান্তিবাজারের দোকান বিক্রির টাকা আত্মসাত্সহ বিভিন্ন অপকর্মে জড়িত এ আলী আজগর। 

ভুক্তভোগী রায়হান মিয়া জানান, বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাদের বাড়ি। তার এক ফুফু তাদের কাছ থেকে ৭ শতাংশ জমি পান। কিন্তু আলী আজগরের সিন্ডিকেট সালিশ করে তার ফুফুর ৭ শতাংশ জমি তো লিখে নেনই পাশাপাশি তাদের ৩৭ শতাংশের পুরো জমি দখলে নিয়েছেন। প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়। 

ভুক্তভোগী নাজমুল হোসেন জানান, আলী আজগর ও তার ভাই জহিরুল ইসলাম আমার সঙ্গে জালিয়াতি করে জমি বিক্রি করেছেন। ভুক্তভোগী ইয়াকুব আলী জানান, আমার বাড়ির ছয় শতাংশ জায়গা আলী আজগর জালিয়াতি করে দখল করে রেখেছেন।

অভিযুক্ত বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী বলেন, আমি টাকার বিনিময়ে জমি কিনেছি। তবে কারো জমি দখল করিনি। আমার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার করছে।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, জমি দখলের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে দু’পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করবো। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এএএম