ঢাকা মেডিকেল কলেজের মর্গে সারি সারি লাশ। কারোই চেহারা চেনা যাচ্ছে না। পুরে ছাই হয়ে গেছে। তারপরেও প্রিয়জনকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছেন স্বজনরা।
এসময় দেখা গেল একদল মাদ্রাসা শিক্ষার্থীদের। তারা খুঁজে ফিরছেন একজনকে। জানা গেল, তাদের প্রিয় শিক্ষক মুফতি মোহাম্মদ ওমর ফারুক ঢাকার চকবাজারে লাগা আগুনে পুড়ে মারা গেছেন। শেষপর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল পুড়ে যাওয়া মরদেহগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়লেন ছাত্ররা।
মুফতি মোহাম্মদ ওমর ফারুক পুরান ঢাকার বড়কাটরা মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেখানে তিনি কিতাব বিভাগে পড়াতেন। পাশাপাশি চকবাজারের মদিনা মেডিকেল হল ক্লিনিকে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থাকা মাদ্রাসা শিক্ষার্থী আরিফ বলেন, ঘটনার দিন ওই ক্লিনিকেই ছিলেন তিনি। ক্লিনিক বন্ধ করতে দেরি হয়ে গিয়েছিল। রাত ১০টার পর যখন আগুন লেগে যায় তখন তিনি আটকে পড়েন সেখান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে তার লাশ মর্গে পাওয়া যায়।
আরো পড়ুন: ‘আমার মনে ছিল না পায়ে জুতা আছে’
বুধবার রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যুর কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
ইত্তেফাক/জেডএইচ
