প্রতিষ্ঠার ৩৫ বছর উদযাপন করেছে আইসিটি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি নারায়ণগঞ্জ-রূপগঞ্জ এর ভূলতায় সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী ‘বিসিএস এর ৩৫ বছর উদযাপন’ শীর্ষক কার্যক্রম পরিচালনা করে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলুন উড়িয়ে ‘বিসিএস এর ৩৫ বছর উদযাপন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস এর উপদেষ্টা স্বদেশ রঞ্জন সাহা, বিসিএস এর প্রথম সভাপতি এস এম ইকবাল, দ্য কম্পিউটার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রব্বানি ও বর্তমান মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। বিসিএস এর এই কার্যক্রম শুধু দেশেই নয়, সারা পৃথিবীতেই প্রশংসিত।
বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, করোনাকালীন সময়ের পরে ৩৫ বছর উদযাপন অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। বিসিএস আশির দশক থেকেই তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দ্বারা এই খাতকে এগিয়ে নিতে ভূমিকা রেখে যাচ্ছে। এই পথযাত্রায় আমাদের সাফল্যও রয়েছে বেশ। ৩৫ বছরের এই যাত্রায় জেআরসি রিপোর্ট, কম্পিউটারকে ভ্যাট ট্যাক্স মুক্ত করে মানুষের হাতে হাতে কম্পিউটার পৌঁছে দেওয়াসহ বিগত করোনাকালীন সময়েও বিসিএস প্রযুক্তি ব্যবসায়ী এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করে গেছে।
অনুষ্ঠানে বিসিএস শাখা কার্যকরী কমিটি প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন পরিকল্পনা মন্ত্রী। এসময় বিসিএস সহসভাপতি ও ৩৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাবেদুর রহমান শাহীন, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এবং পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
