রাজধানীর ডেমরা থেকে গতকাল রবিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি ডেমরার পূর্ব বক্সনগর দারুজ্জান্নাত মাদ্রাসার প্রাচীরের পাশ থেকে উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় না পাওয়ায় লাশ স্যার সুলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাশের পরনে জিন্সের প্যান্ট, সাদা সোয়েটার ও আকাশি রঙের জ্যাকেট রয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
