ঝিনাইদহ সদর উপজেলার ডেফোলবাড়িয়া গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কুমড়োবাড়িয়া ইউনিয়নে নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
ওসি জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ীয়া গ্রামে রবিবারের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন জয়নুদ্দিন। সকালে জয়নুদ্দিনের সমর্থক আশরাফুল ইসলাম গ্রামের সাহেব বাজারে গেলে পরাজিত মেম্বর প্রার্থী কলিম উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
