স্বাধীন বাংলাদেশের ৫০ বছর। আর এই বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বসেছে বীর মুক্তিযোদ্ধাদের মেলা। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় মুক্তিযোদ্ধা বন্ধন চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর দিনব্যাপী চলে নানা আয়োজন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধকালীন সময়ের নানা স্মৃতিচারণ করেন ডাকসুর সাবেক ভিপি ও জিএস, সাবেক সংসদ সদস্য বর্তমান গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জমান, ঢাকা-১৪ আসনের সাংসদ আগাখান মিন্টু, সাবেক সাংসদ বাংলাদেশ শ্রমিক লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি রওশন জাহান সাথী, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠন কেবিএম মফিজুর রহমান খান প্রমুখ। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা বন্ধন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর জেলা কৃষক লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান।
বিকেলে মুক্তিযোদ্ধা বন্ধনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ বেতারের সংগীত শিল্পীদের অংশগ্রহণে দেশের গান পরিবেশিত হয়। এ সময় স্থানীয় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

