ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী! 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:২২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের (৫০) পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম (৪০)। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী দেলোয়ার হোসেন ও স্ত্রী জোসনা বেগমের সংসারে এক পুত্র সন্তানের পাশাপাশি চার কন্যা সন্তানও রয়েছে। তাছাড়া স্বামী একাধিক বিবাহ করার কারণে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হওয়ার পাশাপাশি প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এছাড়াও নতুন করে আরও একটি বিবাহের খবর পান জোসনা বেগম এবং তাকে ঘরে আনার পরিকল্পনা করছিলেন তার স্বামী দেলোয়ার হোসেন। 

তবে স্ত্রী জোসনা বেগম কোনো ভাবেই ঐ স্ত্রীকে মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে স্বামী দেলোয়ার হোসেন তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমের সঙ্গে ঘুমিয়ে যান। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী জোসনা বেগম। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. মোসারফ হোসেন জানান, তার জানা মতে জোসনা বেগম দেলোয়ার হোসেন প্রথম স্ত্রী। কিন্তু কেউ কেউ বলছেন দ্বিতীয় স্ত্রী। ইদানীং আরও একটি বিবাহ করেছে বলে তিনি জেনেছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হয়েছে বলে তার ধারণা।

মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ জোসনা বেগমকে আটক করে মানিকছড়ি থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। 

ইত্তেফাক/এসআই