সাতছড়ি জাতীয় উদ্যান থেকে যতবার অস্ত্র উদ্ধার 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:১৬

হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি),২৫টি বুস্টার, ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে অভিযান চালিয়ে এ সব অস্ত্র উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কী পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা ব্রিফিংয়ে জানানো হবে। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অষ্টমবারের মতো অস্ত্র উদ্ধার করা হলো।   

আগস্ট ১৩ হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে  অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এর আগে, এ বছরের ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে। ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়।

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর, ওই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফার উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট নয় হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

সিটিটিসির ডিসি আব্দুল মান্নান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ অভিযান এখনো চলছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

ইত্তেফাক/ইউবি