নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮

নারায়ণগঞ্জ শহরে রেললাইনের উপরে উঠে থাকা একটি বাসকে চলন্ত ট্রেনের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার ভোরে মেজবাহ উদ্দিন (৬৫) নামে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি বন্দরের ঘারমোড়া এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন মারা যায়। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত ৭জনকে ঢাকা মেডিকেলে ও মনির নামে একজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রাতেই চিকিৎসা নিয়ে জেনারেল হাসপাতাল থেকে বাসায় চলে যায় মনির।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় স্টেশনের অদূরে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে লেবেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ‘আনন্দ পরিবহনের’ একটি বাসকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি ২০ থেকে ২৫ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ওই সময়ে দুইজনের দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদেরকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। গত রবিবার দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই ঘোষণা দেন। এসময় তার সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিবার সন্ধ্যা ৬ টায় শহরের ১নং রেল গেট এলাকায় সংগঠিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন ও ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে এক শিশুর মৃত্যু ঘটে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গাইবান্ধা জেলার মৃত যাত্রা রাম দাসের ছেলে ভট্ট রাম দাস (৫২), বন্দর উপজেলার মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম (৭৩) ও সদর উপজেলার ২নং বাবুরাইল ব্যাপারী পাড়ার মোক্তার হোসেনের ছেলে রিফাত হোসেন (৯)। সকাল থেকে দুপুরে মধ্যে তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচডি