ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে জাকের পার্টি চেয়ারম্যানের প্রস্তাবনা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২০:০৯

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে ভোট গ্রহণ প্রক্রিয়া ও ফল ঘোষণা বিতর্কমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে  ভোট গ্রহণে ব্লক চেইন পদ্ধতির প্রয়োগ ঘটাতে হবে। একই সঙ্গে  রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের সদস্য ও ভোটারদের আইডি কার্ড, ছবি ও স্বাক্ষরসহ তালিকা নির্বাচন কমিশনে জমা করতে হবে। নির্বাচন কমিশন তা ডাটাবেজ তৈরি করে  মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দিবে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট বিভাগীয় জাকের পার্টির ইসলামী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব প্রস্তাবনা তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। জাকের পার্টির সিলেট বিভাগীয় সভাপতি আবুল খায়ের বাবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।

মোস্তফা আমীর ফয়সাল বলেন, ব্লকচেইন পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। এতে সমস্ত তথ্য উপাত্ত সুরক্ষিত থাকে। কোনো গরমিল সম্ভব নয়। ব্লকচেইন একমাত্র টেকনোলজি, যা হ্যাক করা যায় না।

তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সদস্য এবং ভোটারদের ডাটাবেজ তৈরি প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ দলের সদস্য ও ভোটারদের স্বাক্ষরযুক্ত তালিকার ডাটাবেজ তৈরি করে তা নির্বাচন কমিশনে জমা দেয় এবং নির্বাচন কমিশন এই ডাটাবেজ মোবাইল অ্যাপ তৈরির মাধ্যমে তা সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে রাজনৈতিক দলের ভোট সংখ্যা নিয়ে আগাম ধারণা তৈরি হয়ে যাবে। ভোটদানের পরে ফলাফল নিয়ে বিতর্ক থাকবে না।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জাকের পার্টি কখনো আপোষ করে নাই। করবেও না। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে বেশ কয়েক বার। সে সময় জাকের পার্টিই রুখে দাঁড়িয়েছিল। আমরা চাই জাতী ঐক্যবদ্ধ থাকুক। শান্তি-শৃঙ্খলা ভ্রাতৃত্ব, প্রেম প্রীতি ভালোবাসা ফিরে আসুক।

মোস্তফা আমীর ফয়সল বলেন, মানুষকে আঘাত করে, হিংসা হানাহানি ঘটিয়ে, রক্তপাত করে, চুরি করে জাকের পার্টি বিজয়ের বন্দরে যাবে না। জাকের পার্টি ধৈর্য ধারী  দল। জাকের পার্টির ঐক্য ধ্বংস করতে বহু চেষ্টা হয়েছে। কিন্তু সফল হয়নি।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, মজবুত অর্থনীতির বাংলাদেশ গঠনে জাকের পার্টির সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। বাঙালি জাতির উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামের পরিপূর্ণতা - মহান এ  লক্ষ্য নিয়ে জাকের পার্টি কাজ করছে।

 

 

ইত্তেফাক/ইউবি