কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ২২১ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:০৬

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো শাহীদ মাতব্বর ওরফে শাহিন, শৈশব রায় ওরফে সুমন ও উত্তম কুমার সুর। এসময় 
তাদের হেফাজত হতে ২২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রবিবার (২৬ ডিসেম্বর ) ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা হতে শাহিনকে এবং গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ২৭ ডিসেম্বর ন বরিশাল জেলা ও রাজধানীর কোতয়ালী থানার শাখারী বাজার হতে সুমন ও উত্তমকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা জোনাল টিম।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। 

 পুলিশ কমিশনার বলেন, গত ১৮ ডিসেম্বর  ভোর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের মোহনা জুয়েলার্স ও বেস্ট এন্ড বেস্ট ক্রিয়েশন জুয়েল এ্যাভিনিউ জুয়েলার্স নামক দুটি স্বর্ণের দোকান থেকে অজ্ঞাতনামা চোর বিপুল পরিমান স্বর্ণালংকার চুরি করে। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। চোরাই স্বর্ণ বহনকালে কিছু স্বর্ণ রাস্তায় পড়ে যাওয়ার কথা জানায় তারা। যদি কেউ এধরণের কোন স্বর্ণ পেয়ে থাকে তাহলে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য আহ্বান জানান ডিবির এ কর্মকর্তা।

চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে ডিবির এ কর্মকর্তা বলেন, মামলা তদন্তে চোরাই স্বর্ণ কারো কাছে পাওয়া গেলে চোরাইমাল রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/কেএইচ