ঝালকাঠি চর ভাটারকান্দা এরাকার বিষখালী নদী থেকে আরও এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আনুমানিক ১৩ বছরের এ কিশোরের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নদীতে টহলরত কোস্ট গার্ডের লিডার আলমগীর হোসেন।
তিনি জানান, লাশটি ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী উদ্ধারকারী দলকে খবর দেয়। খবর পেয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধারকৃত মরদেহের পড়নে ছিল জিন্সের প্যান্ট এবং টি শার্ট।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৮টায় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদী থেকে মঙ্গলবার ২টি মৃতদেহ উদ্ধার করা হলো। অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় ২৪ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৪২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
