পরাজিত প্রার্থীর ভাইয়ের আঘাতে বিজয়ী মেম্বার আহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:১১

পরাজিত প্রার্থীর ভাইয়ের আঘাতে সদ্য বিজয়ী এক মেম্বার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মেম্বার মৃদুল কান্তি চৌধুরীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) জিকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রবিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করে মেম্বার নির্বাচিত হন আদমপুর গ্রামের মৃদুল কান্তি চৌধুরী। আর তার সঙ্গে পরাজিত হন একই গ্রামের ফুটবল প্রতীকের প্রার্থী বাবলু চৌধুরী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৃদুল কান্তি চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী বাবলু চৌধুরীর প্রতি সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান। এ সময় তাকে দেখে ক্ষেপে যান বাবলু চৌধুরীর বাড়ির লোকজন। উত্তেজনাকর কথাবার্তার এক পর্যায়ে বাবলুর চাচাত ভাই টাবলু চৌধুরী লাঠি দিয়ে তার মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) জিকরুল ইসলাম জানান, ‘ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কারও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

ইত্তেফাক/ ইআ