বাউফলে প্রকল্প কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকে মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:২১

বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে ২০১৯-২০ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর (কাবিখা) পাঁচটি প্রকল্পের ৫৭.০০ মেট্রিক টন সরকারি চাল ও গম কোন কাজ না করেই আত্মসাৎ করার অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাস এবং প্রকল্পের সভাপতি ও  দাশপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য আতিকুর রহমান মোহনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। 

দুদকের সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পেনাল কোর্টে মামলাটি দায়ের করেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপসহকারী পরিচালক মো. আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মামলাটি দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।’ 

মামলায় অন্য আসামীরা হলেন দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বশার মৃধা, আমির হোসেন প্যাদা, হুমায়ন কবির ও মামুন মৃধা। এরা পাঁচটি প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্য ছিলেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক মো. ওয়াজেদ আলী গাজী এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি।’ 

মামলার অন্যতম আসামী আতিকুর রহমান মোহন বলেন, ‘সকল রাস্তার কাজ সঠিক ভাবে সম্পন্ন হয়েছে।’ 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, ‘বরাদ্ধ আত্মসাতের অভিযোগটি সঠিক নয়। সকল কাজ সঠিক ভাবে সম্পন্ন হয়েছে। প্রয়োজনে সরেজমিন তদন্ত করে দেখতে পারেন।’ 

ইত্তেফাক/ ইআ