নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ৩ লক্ষ ৭০ হাজার টাকার মধ্যে ২ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয় থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিক ওরফে বাবু ওরফে ফিটিং বাবু নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় নিয়ামতপুর থানায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান এ তথ্য জানান।
আটক ফিটিং বাবু নিয়ামতপুর চৌধুরীপাড়ার মিজানের ছেলে।
তিনি জানান, অভিযান চালিয়েফিটিং বাবুকে ২৭ ডিসেম্বর বেলা সোয়া ১টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে নগদ ১ লক্ষ ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আসামির নিজ বাড়ী থেকে আরও ৯০ হাজার টাকা, মোট ২ লক্ষ ২৬ হাজার টাকা, দোকানের হিসাবের খাতা এবং ছিনতাইকৃত টাকা দিয়ে কিছু পোশাকসহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের নূরুল ইসলাম মন্ডলের ছেলে জালাল উদ্দিন রিপনের উপজেলার টিএন্ডটি অফিসের সামনের রড়, সিমেন্টের দোকান ২৬ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ৭টার সময় বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার সময় দোকানের সামনে মটোরসাইকেলে অবস্থান করার সময় শফিক বাবু ওরফে ফিটিং বাবু দৌড়ে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি তদন্ত (দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ) লুৎফর রহমান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে ৩ লক্ষ ৭০ হাজার টাকার মধ্যে ২ লক্ষ ৩৬ হাজার টাকা নগদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং জিজ্ঞাসাবাদে তার বিকাশে আরও ৫৫ হাজার টাকা রয়েছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
