রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়ার ঘটনায় এনা পরিবহনের সেই বাসচালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘এই ঘটনায় চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র্যাব আটক করেছে। বিস্তারিত ওনারাই জানাবেন।’
এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানিয়েছিলেন, ‘ঢাকা থেকে এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৯) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৮৬২) ওপর উঠে যায় বাসটি। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। বাসটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।’
দুর্ঘটনার পর খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘দুর্ঘটনার পর এনা বাসের চালক পালিয়ে যায়। বিকালে ক্ষতিগ্রস্থ হওয়া মাইক্রোবাসের চালক শাহাদত হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া বাসটি আটক করা হয়েছে।’
ইত্তেফাক/এনএ
