‘হাতি উঠলে কিন্তু নৌকা ডুবে যাবে’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৪০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, হাতি উঠলে কিন্তু নৌকা ডুবে যাবে। অনেকে প্রশ্ন করেন- কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করলেও নারায়ণগঞ্জের জনগণের চাহিদা ও তাদের আকাঙ্ক্ষার ব্যাপারে আমাকে সচেতন থাকতে হয়। জনগণের প্রয়োজনেই আমাকে এখানে নির্বাচনে দাঁড়াতে হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মেয়র পদে হাতি প্রতীক পাওয়ার পর গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। আমাকে শামীম ওসমান, পুলিশ প্রশাসনের সঙ্গে যুদ্ধ করেই নারায়ণগঞ্জ শহরে হাঁটতে হয়েছে। আমি মানুষের ভালোবাসায় প্রার্থী হয়েছি। শামীম ওসমানের পায়ে আমি হাঁটি না নারায়ণগঞ্জ শহরে।

তৈমুর আলম বলেন, এ নির্বাচন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন, ১৮ বছরের সিন্ডিকেট নিয়ন্ত্রিত সিটি করপোরেশনকে মুক্ত করার নির্বাচন। আমি নির্বাচিত হলে নাসিক ভবন হবে জনগণের ভবন, সিটি করপোরেশন হবে সেবামূলক করপোরেশন। যেখানে গরিবের মাথার ছাদ কেড়ে নিয়ে ধনীদের জন্য ফ্ল্যাট বানানো হবে না, সেবা না দিয়ে ট্যাক্স বাড়িয়ে নিম্ন ও মধ্যবিত্তকে শোষণ করা হবে না।

তৈমুর আলম খন্দকার বলেন, এর আগে আমি একটি দল থেকে নির্বাচন করছিলাম। তাই আমাকে বসে যেতে হয়েছে। এবার আমি জনগণের প্রার্থী।

 

ইত্তেফাক/এনএ