গত বেশ কয়েকদিন ধরেই ইউরোপের ফুটবল আকাশে গুঞ্জন ছিল। অবশেষে সেটাই সত্য হলো। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। এরই মধ্যে তার মেডিক্যালও সম্পন্ন হয়েছে। বার্সেলোনাও আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে।
গত বছরের আগস্টে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে তোরেসকে কিনে নেয় ইংলিশ জয়ান্ট ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে তিনি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ ১৬টি গোল করেন এবং করিয়েছেন ৪টি গোল। মোটকথা, গোল করা এবং করিয়ে দেওয়া, দুই কাজেই দারুণ দক্ষ ২১ বছর বয়সী এই তরুণ। তাইতো তাকে পেয়ে বার্সা সমর্থকদেরও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
জানা গেছে, তোরেসকে দলে টানতে ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে বার্সেলোনা। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার চুক্তির বিষয়টি উপস্থাপন করার কথা রয়েছে। এর দুইদিন পর ৩ জানুয়ারি তাকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে।
বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ফেরান তোরেসের সঙ্গে চুক্তি হয়েছে এবং বাইআউট ক্লজ ১০০ কোটি ইউরো। তাকে পেয়ে আমরা খুব খুশি।’
Pic of the Day
