বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের টানাপড়েন নিষ্পত্তিসহ শেয়ারবাজারের উন্নয়নে দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। এ সময় সংগঠনের ২০ সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচি পালন শেষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একটি টানাপড়েন চলছে। এ পরিস্থিতিতে নাজুক অবস্থায় রয়েছেন শেয়ারবাজারসহ বিনিয়োগকারীরা। তাই দুইটি নিয়ন্ত্রক সংস্থার টানাপড়েন নিষ্পত্তি এবং শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এ লক্ষ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।
তিনি আরো বলেন, শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় শেয়ারবাজারের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করে।

শেয়ারবাজারে বড় উত্থান