ইয়োলো অ্যালার্টে দিল্লি, রাত ১০টা থেকে কারফিউ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৬

করোনাভাইরাসের ধরন ওমিক্রনের আগমন ও শীতের কারণে ভারতে বাড়তে শুরু করেছে সংক্রমণের হার। ভাইরাসের বিস্তার রোধে দেশটির রাজধানী দিল্লিতে তাই ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নতুন এক নির্দেশনায় দিল্লি প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বলা হয়, দিল্লির সব বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। শপিং মল, দোকানগুলোকেও নির্দিষ্ট দিনে খোলার ব্যাপারে বলা হয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাতে ২০জনের বেশি জমায়েত না হয় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

ইয়োলো অ্যালার্টের আওতায় ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। হাসপাতাল, গণমাধ্যম, ব্যাংক, বিমা, টেলিকম সহ জরুরী সেবা ছাড়া সব বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চালাতে হবে।

জোড়-বিজোড়ের ভিত্তিতে শপিং মল ও দোকানগুলো খোলা রাখতে হবে। যা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সিনেমাহল, মালটিপ্লেক্স, জিম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে স্কুল ও কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রেস্তোরাঁ ও বার রাত ১০টা পর্যন্ত সীমিতভাবে চালানো যাবে। সেলুন, পার্লার খোলা থাকলেও স্পা বন্ধ রাখতে হবে। রাজনৈতিক, ধর্মীয় ও উৎসব সংক্রান্ত কোনও জমায়েত করা যাবে না। পার্ক খোলা থাকলেও পিকনিক ও জমায়েত করা যাবে না।

ইত্তেফাক/টিআর