নারীবিষয়ক ম্যাগাজিন অনন্যার ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০’ পেয়েছেন দশজন নারী। তাদের মধ্যে নাট্যনির্মাণ ক্যাটাগরিতে অনন্যা শীর্ষদশ সম্মাননা পেয়েছেন চয়নিকা চৌধুরী। তার এই সম্মাননা প্রাপ্তিতে খুশি চিত্রনায়িকা পরীমণি।
বুধবার চয়নিকা চৌধুরী উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি লিখেছেন, তোমাকে নিয়ে অনেক গুছিয়ে কি আমি কখনোই লিখতে পারবো মা! এটা কি আদৌ সম্ভব বলোতো! একদমই না। না পারি অনেক ঘটা করে তোমাকে অভিনন্দন করতে, না পারি অনেক যত্নে তোমায় ভালোবাসি বলতে। উল্টো যতো দুঃখ আছে, জ্বালা আছে, অকারণে অভিমান,শুধু শুধু রাগ,অসময়ে যত শত আবদার আমার, এসবের পুরোটাই আমি তোমাকে কতো দারুন ভাবে দিতে পারি দেখ!
তিনি আরও লিখেছেন, আমার বোন অনুলেখা সেদিন কি অদ্ভুত সুন্দর করে তোমাকে তার গভীর অনুভুতিগুলো তোমায় লিখে জানালো! সেদিন আমিও ভাবলাম এবার আমিও এত এত এত মনের কথা তোমায় লিখে দিতে পারবো। হলোই নাহ্।
অনেক খুশিতে আমার কান্না পায়। আমি কাঁদি। সেদিনও কেঁদেছিলাম তোমাকে জিততে দেখে, এরকম আরো সম্মানিত হবে তুমি আর আমি তোমার সবচেয়ে খুশি বাচ্চা হয়ে বার বার খুশিতে চোখ ভিজাবো। তুমিই অনন্যা মা। তুমি একজনই।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরের মতো এবারও রাজনীতিবিদ, উদ্যোক্তা, প্রযুক্তি, কৃষি, নাট্যনির্মাণ, করপোরেট পেশা, বিজ্ঞান অধিকার কর্মী, ক্রীড়া ও লোক ঐতিহ্য— এ দশটি শাখায় দশ নারীকে পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ দশ নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
