ঢাবিতে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু 

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা প্রাঙ্গণে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

বুধবার (২৯ ডিসেম্বর) চারুকলার বকুলতলায় এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উৎসব উদ্বোধনের আগে উপাচার্য অতিথিদের নিয়ে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, সাংস্কৃতিক অঙ্গন এমন একটি অঙ্গন-যা অন্যান্য অঙ্গনগুলোকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি জাতির সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হলে তার আর্থ-সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রই সমৃদ্ধ হয়। 

উৎসব উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: ইত্তেফাক

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের শিল্প-সাংস্কৃতিক পরিমণ্ডলকে আধুনিকায়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শিল্পাচার্যের আদর্শ ও শিল্প ধারণা অনুসরণ করার জন্য উপাচার্য চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পকলায় বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপক আব্দুস শাকুর শাহ্ এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমন শিব কুমারকে জয়নুল সম্মাননা-২০২১ প্রদান করা হয়।

ইত্তেফাক/এএএম