ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনার নবনির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলী (৩৪) ও তার সহযোগী শাহীনকে (৪৩) ৬২২টি ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। শাহজাহান চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বৈরচুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। ইউপি সদস্য শাহজাহান আলী বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আমতলীর একটি ডেইরী ফার্মের সামনে থেকে ইয়াবাসহ শাহজাহান মেম্বার ও এক সহযোগীকে আটক করে র্যাব-১৩ এর একটি দল।
শাহজাহান ভবানীপুর এলাকার আব্দুস সালামের ছেলে। আটক হওয়া অপরজন পীরগঞ্জের শিববাড়ী এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন আকতারুজ্জামান (৪৩)।
ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম জানান , ‘নবনির্বাচিত ইউপি সদস্য ও তার সহযোগীকে ইয়াবাসহ র্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
