নির্ধারিত সময়ের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্টে পঞ্চম স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। এই কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসেমের কর্মীরা বিরতিহীনভাবে ২৩ ঘণ্টা কাজ করে ৮৫০ ঘনফুট সেলফ-কম্প্যাক্টিং কংক্রিট মিশ্রণ ঢালাই করেছেন। রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ও রসাটমের গণমাধ্যম শাখা মঙ্গলবার রাতে অভ্যন্তরীণ কনটেইনমেন্টের কংক্রিট ঢালাই নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে বলে জানিয়েছেন।
এএসইর ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের রাশিয়ান পার্টের প্রকল্প পরিচালক আলেক্সি ডেইরি জানান, ‘অভ্যন্তরীণ কনটেইনমেন্টের পঞ্চম স্তরের কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে ট্রেস্ট রসেমের বিশেষজ্ঞদের উচ্চ পেশাদারিত্ব এবং নির্মাণ সাইটে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
জানা গেছে, পঞ্চম স্তরের কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে অভ্যন্তরীণ কনটেইনমেন্টের সিলিন্ডার আকৃতির কাঠামোর কাজ সম্পন্ন হলো। অভ্যন্তরীণ কনটেইনমেন্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার একটি অন্যতম অংশ, যা পরিবেশে তেজস্ক্রিয়তা নির্গমন রোধ করে। পরবর্তী ধাপে এই ইউনিটের ডোম স্থাপন করা হবে। বর্তমানে কনটেইনমেন্ট ডোমের বিভিন্ন অংশের নির্মাণকাজ এগিয়ে চলছে। ২০২২ সালের প্রথমার্ধেই অভ্যন্তরীণ কনটেইনমেন্টে ডোম স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুইটি ইউনিট থাকবে যার প্রতিটিতে স্থাপিত হবে তিন প্লাস প্রজন্মের সর্বাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। প্রতিটি রিয়্যাক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। আধুনিক নকশার এই রিয়্যাক্টর সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং জেনারেল কনট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা।
