কালিয়াকৈরে একটি কয়েল তৈরির কারখানা পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় নবীয়াদ নামে একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তত্পরতা চালালেও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় পার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বাড়ইপাড়া- বড়ইছুটি এলাকায় অবস্হিত নবীয়াদ নামে একটি মশার কয়েল তৈরি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে কারখানার শ্রমিকরা স্হানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুন বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকে। এদিকে ফায়ার সার্ভিসের পানি সংকট দেখা দিলে আগুন নিয়ন্ত্রণে বিপাকে পড়ে তারা। পরে আশপাশের পুকুর ও বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম পানির সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, পানির সংকটের কারণে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
