বাস্তবে স্বপ্নের মেট্রোরেল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:৫২

বহু কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু ২০২১ সালের ২৯ আগস্ট। এই দিন পরীক্ষামূলক যাত্রা শুরু করে মেট্রোরেল। বেলা ১১টা বেজে ৫৩ মিনিটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা উত্তোলন করার পর ট্রেনটি ছেড়ে যায়। ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেলের জন্য নির্মিত প্রকল্পের উত্তরা ডিপো থেকে চলাচল শুরু হয়। বেলা ১১টা বেজে ৫৩ মিনিটে ওবায়দুল কাদের সবুজ পতাকা উত্তোলন করার পর ট্রেনটি ছেড়ে যায়। ডিপো থেকে ছয় কিলোমিটারের বেশি চলার পর আবার ফিরে আসে ট্রেনটি।

ঐ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, আগামী বছরের (২০২২) জুন মাসে পরিবহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে। এরপর উদ্বোধন করা হবে কর্ণফুলী নদীর তলদেশের সড়ক টানেল। ফলে মেট্রোরেলসহ আগামী বছর বড় তিনটি মেগা প্রকল্প চালু হবে বলে মন্ত্রী জানান। মেট্রোরেল পরীক্ষামূলক যাত্রার পর ২০২১ সালের ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রোরেল। তবে যাত্রী নিয়ে চলবে ২০২২ সালের বিজয় দিবসে।

ট্রেনের বৈশিষ্ট্য : ২০১৭ সালে সই করা ২ হাজার ৮৭০ কোটি টাকা চুক্তির আওতায় জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম ২০১৯ সালের শুরুতে বগি নির্মাণ কাজ শুরু করে। যাত্রীবাহী কোচ নির্মাণের কাজ শুরু হয় ঐ বছরের এপ্রিলে। গত ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নির্মাণ হয়েছে পাঁচ সেট ট্রেন। সব মেট্রোরেল সরবরাহের চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে। মেট্রো ট্রেনের মোটর কার ও ট্রেইলারের বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এলয়। ব্যবহার করা হয়েছে বুলেটপ্রুফ কাচ। ছয় কোচের প্রতি সেটের দুই প্রান্েত থাকবে দুটি ট্রেইলার কন্ট্রোল। মধ্যে থাকবে তিনটি মোটর কার ও একটি ট্রেইলার। ২২ টন থেকে ২৮ টন ওজনের এসব কারের প্রস্হ ২.৯৫ মিটার। ২০ মিটার দীর্ঘ কামরায় লম্বালম্বি আসন পাতা থাকবে।

প্রতি সেট মেট্রোতে ১ হাজার ৬৯৬ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব কোচের প্রতিটিতে ব্যবহার করা হবে দুটি এয়ার কন্ডিশনিং ইউনিট। ট্রেনের প্রতি প্রান্েত চারটি করে দরজা রয়েছে। ট্রেনে প্রাধান্য থাকছে লাল ও সবুজ রঙের। সেকেন্ডের ব্যবধানে এসব ট্রেনের গতি ঘণ্টায় ৩.৫ কিলোমিটার বাড়ানো যাবে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন।

নারী ও প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্হা : মেট্রোরেলের প্রতি সেটের একটি কোচ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যান্য কোচে পুরুষদের পাশাপাশি নারীরাও ভ্রমণ করতে পারবেন। গর্ভবতী মহিলা ও অতিরিক্ত বয়সিদের জন্য প্রতি কোচে থাকবে সংরক্ষিত আসন। প্রতিবন্ধীদের জন্য কোচের ফ্লোর এবং প্ল্যাটফরমের মধ্যে উচ্চতার সমতা রাখা হবে। কোচ ও প্ল্যাটফরমের মধ্যে ফাঁকা জায়গা থাকবে নূ্যনতম।

ইত্তেফাক/কেকে