‘নির্বাচন নিয়ে হাস্যকর দাবি ও বক্তব্য থেকে সরে আসতে হবে’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:১৭

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আর অবশ্যই যথাযথ সময়ে নির্বাচন হবে। একটি দল যদি নির্বাচনে না আসে, আরও দল তো আছে। তারাই একমাত্র দল নয়। জাকের পার্টি বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করবে। সংবিধান অনুযায়ীই হবে সব। তাই হাস্যকর দাবি ও বক্তব্য থেকে সরে আসতে হবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের টাউন হল ময়দানে ময়মনসিংহ বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলার অর্থ হচ্ছে দেশে বিবাদ সৃষ্টির কূটকৌশল। কাজেই নির্বাচনে বাধা দেয়া, নির্বাচন হতে না দেওয়ার ক্ষমতা কারো নেই। বিদেশী ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান তার বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, সরকারের উন্নয়নের সমান্তরালে নিজ নিজ দলের উন্নয়নের সফলতা জনগণের কাছে তুলে ধরা এবং  এর সাথে রাজনৈতিক আচার ও প্রক্রিয়ায় পরিবর্তন ও শিষ্টাচারের মাধ্যমে চলমান রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ব্লক চেইন টেকনোলজি প্রয়োগের পাশাপাশি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন, '৭১ এ ইসলামের নামে মুসলমানদের রক্ষার কথা বলে দেশবাসীর উপর পাক হানাদার বাহিনীর পৈশাচিক নিধনযজ্ঞের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং উপমহাদেশের স্বার্থে ও কল্যাণে স্বাভাবিক করার আহ্বান জানান পাকিস্তানকে। 

ইত্তেফাক/এমএএম