সাভারে নৌকা প্রার্থীর নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

সাভারের শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজের নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলতাসুতি এলাকার নির্বাচনি ক্যাম্প এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হঠাৎ নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে বিকট আওয়াজ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পর সেখান আগুনের কুণ্ডলী দেখা যায়। এসময় আশপাশের লোকজন দ্রুত ক্যাম্পে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে কিছুই জানাতে পারেনি স্থানীয়রা।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজ বলেন, ঘটনার সময় আমি টেঙ্গুরি এলাকার একটা সভায় ছিলাম। সেখানে নেতা-কর্মীদের নিয়ে ভোট চাওয়ার সময় জানতে পারি আমার নির্বাচনি অফিসে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন দেয়া হয়েছে অফিসে। তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।   

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে নির্বাচনি অফিসের চেয়ার ও কিছু ব্যানার পুড়ানো হয়েছে। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম