পরপর দুইবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল পেল না সাকিব আল হাসানকে। গত বছর মার্চে ওয়ানডে ও টি-২০ খেলতে যাননি বাঁহাতি এ অলরাউন্ডার। এবার দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি নিয়েছেন তিনি। টেস্ট দলে সাকিবের অনুপস্থিতি খুব অনুভব করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার উপস্থিতি একাদশে ভারসাম্য এনে দেয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে তাই সাকিবকে না পাওয়ার আক্ষেপই ঝরল হেড কোচের কথায়।
নিউজিল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে। ’
মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। একাদশে একজন স্পিনারও রাখা হবে। ম্যাচের শেষ দিকে কিছুটা স্পিন দেখার আশাও করছেন ডমিঙ্গো। পেস আক্রমণে থাকতে পারেন তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরীফুল ইসলাম।
তামিম-সাকিবদের মতো সিনিয়র ক্রিকেটার না থাকায় নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে তরুণদের ভালো সুযোগ দেখছেন ডমিঙ্গো। ফলাফল ভালো না হলেও গত কিছুদিনে টেস্টে বাংলাদেশ উন্নতি করছে বলেই দাবি তার। যদিও ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই টেস্ট হেরে নিউজিল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল।
গতকাল প্রোটিয়া এই কোচ বলেছেন, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়তো ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ডে খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ। ’

