ঝিনাইদহের শৈলকূপার সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। শৈলকূপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইচার টিপুন ২ সমর্থকের বাক-বিতণ্ডা হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা মিটিয়ে দেয়। এরপর সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কাতলাগাড়ি বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর করে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কৃষ্ণনগর আবাসনের বাসিন্দা হারান বিশ্বাস চিকিৎসাধীন অবস্থা ৭ টা ৪০ মিনিটে মারা যান। হারান বিশ্বাস নৌকা প্রতীকের সমর্থক বলে নৌকার প্রার্থী মাহামুদুল হাসান দাবি করে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা করা হয়েছে।
