পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার। রবিবার (২জানুয়ারি) দুপুরে উপজেলার চিরাপাড়া গ্রামের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফাতেমা ওই এলাকার মো. নাছির খানের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাতেমা বাড়ি আঙ্গিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ মিস্ত্রী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
