দোহারে ছুরিকাঘাতে নিহত ১, আটক ২

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১ জানুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে। উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ভূঁইয়া (৪৫) ওই এলাকার মৃত বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে। 
 
দোহার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সুলতান মাহমুদ জানান শনিবার সন্ধ্যা ৭টার দিকে কার্তিকপুর বাজার এলাকায় কে বা কাহারা নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তার স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়। পরে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে। 
 
তিনি আরও জানান পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম