গত বছরে বলিউডে বেশ কয়েক তারকা সেরেছেন বিয়ের পর্ব। এ বছরের প্রথম দিনে বিয়ের খবর দিলেন অভিনেতা মোহিত রায়না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোষ্ট করে সে কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
শনিবার (১ জানুয়ারি) অভিনেতা মোহিত রায়না আচমকাই পোস্ট করলেন বিয়ের ছবি। কাশ্মীরি আচার রীতি মেনে বিয়ে করেন মোহিত রায়না ও অদিতি।
ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘ভালবাসা কোনও বাধা মানে না, পেরিয়ে যায় প্রতিকূলতা, কাঁটাতার টপকে সমস্ত দেওয়াল ভেদ করে তীব্র মনের জোরে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। অভিভাবকদের আশীর্বাদে আমরা এক হলাম। নতুন পথে চলার জন্য আপনাদের ভালবাসা ও আশীর্বাদও কাম্য।’ লেখার শেষে নিজের ও স্ত্রী অদিতির নাম লেখেন মোহিত। তবে অদিতির বিস্তারিত পরিচয় দেননি তিনি।
মোহিত ও অদিতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন ম্রুনাল ঠাকুর ও দিয়া মির্জা।
কাশ্মীরে জন্ম মোহিতের। সেখানেই বেড়ে ওঠা। পরে মুম্বাই চলে যান। মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। তবে প্রথম থেকেই মোহিতের লক্ষ্য ছিল অভিনয়ের জগতে খ্যাতি পাওয়া। হিন্দি টেলিভিশনের মাধ্যমে অভিনয়ের এই সফর শুরু করেন মোহিত। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। তবে খ্যাতি সবচেয়ে বেশি পেয়েছেন ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে।
মোহিত শিবের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় মেজর করণ কশ্যপের ভূমিকায় অভিনয় করেন। ওয়েব দুনিয়ায় নজর কাড়েন ‘কাফির’, 'মুম্বাই ডায়েরিজ ২৬/১১’ সিরিজের মাধ্যমে। শেষ ‘সিদ্দত’ সিনেমায় গৌতমের ভূমিকায় দেখা গিয়েছিল মোহিতকে।
ইত্তেফাক/বিএএফ

ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় অভিযোগ