বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল ‘আরআরআর’ সিনেমাটির কারণে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও পূজা হেগডের নতুন সিনেমা ‘রাধে শ্যাম’ নির্ধারিত সময়ে পর্দায় আসছে না। তবে প্রভাস-পূজা ভক্তদের সেই শঙ্কাকে পেছনে ফেলে নতুন বছরের শুরুতেই হলে আসছে সিনেমাটি। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাধা কৃষ্ণ কুমার।
সিনেমাটির অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাধে শ্যাম’ মুক্তির পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি। প্রভাস-পূজা অভিনীত সিনেমাটি আগামী ১৪ জানুয়ারি পর্দায় আসছে। তাই এ নিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সিনেমাটির কলাকুশলীরা। এছাড়া নির্মাতারা মুক্তির তারিখসহ ‘রাধে শ্যাম’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন, যা ভক্তদের আশ্বস্ত করেছে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়নি।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘অনেকেই গুজব ছড়িয়েছেন যে, সিনেমাটি মুক্তি পাচ্ছে না। যা আমার ভক্তদের বিভ্রান্ত করেছে। এটা খুবই দুঃখজনক! কোনো বিষয় পুরোপুরি না জেনে মনগড়া কাহিনি প্রচার করা উচিত না। তবে অবশেষে এটাই সত্য যে, ১৪ তারিখ প্রেক্ষাগৃহে আসছি। প্রভাসের সঙ্গে আমার মতো আপনাদেরও দারুণ কিছু সময় কাটবে। আশা করছি, মন ভালো করা অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে পারবেন।’ রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমাটি একটি মহাকাব্যিক প্রেমের গল্পে নির্মিত হয়েছে। যা গতানুগতিক প্রেমের চক্কর থেকে ভিন্ন একটি স্বাদ এনে দেবে দর্শকদের বলে মনে করছেন নির্মাতা।
