যুক্তরাষ্ট্রে সপ্তাহে ওমিক্রনে আক্রান্ত হতে পারে ২৫ লাখ লোক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২:১৬

করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের কারণে বিশ্বে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রে প্রতিদিন সংক্রমণের রেকর্ড হচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ৯ জানুয়ারির মধ্যে শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারে। এটা হলে প্রতি সপ্তাহে দেশটিতে নতুন করে ২৫ লাখ মানুষ সংক্রমিত হতে পারেন।

যদিও গবেষকরা দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে ওমিক্রন সংক্রমণের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক মৃদু এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও তুলনামূলক অনেক কম। এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক মডেলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সংক্রমণ চলতি মাসের মাঝামাঝি বা শেষদিকে শীর্ষে পৌঁছতে পারে।

ফ্রান্সে কোটি ছাড়িয়েছে : ইউরোপের কয়েকটি দেশেও সংক্রমণ বেড়ে চলেছে। প্রায় ৭ কোটি জনসংখ্যার দেশ ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। ফ্রান্সের আগে বিশ্বের পাঁচটি দেশে সংক্রমণ ১ কোটি ছাড়িয়েছে। এগুলো হলো- যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও রাশিয়া। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে টানা চতুর্থ দিন ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো। ফরাসি সরকার গতকাল থেকে জনসমাগমের স্থানগুলোতে ছয় বছরের বেশি বয়সি শিশুদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। প্যারিসসহ দেশটির কিছু বড় শহরে সবার জন্য রাস্তায় মাস্ক পরার নিয়ম পুনরায় জারি করা হয়েছে।

ইউরোপের আরেক দেশ ইতালিতে শনিবার রেকর্ড ১ লাখ ৪১ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এক দিনের ব্যবধানে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। এদিকে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, ইউরোপে ১০ কোটির বেশি করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। যা বিশ্বে মোট করোনায় আক্রান্তের এক-তৃতীয়াংশের বেশি। শুধু গত এক সপ্তাহে প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমণ বাড়লেও ইউরোপে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে।

সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল :করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আরো প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, বিভিন্ন দেশে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা  হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। খবরে বলা হয়েছে,

কোভিড আক্রান্তের সংস্পর্শে যাওয়ার কারণে বিমানকর্মীদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে মধ্যঅঞ্চলে প্রবল তুষারপাত। শুধু শিকাগোর ও’হারে ও মিডওয়ে বিমানবন্দরে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ওমিক্রন সংক্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের এই ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি যাত্রীদের আগেই জানিয়েছি, যাতে তারা পুনরায় টিকিট বুক করতে বা বিকল্প ব্যবস্থা নিতে পারে। ক্রিস্টমাস ছুটি শেষে রবিবার মানুষের বাড়ি ফেরার কথা, কিন্তু তীব্র শীত আর তুষারপাতের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। শিকাগোর ও’হারে বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী এবিসি নিউজকে বলেন, দীর্ঘ সময় ধরে আটকে আছি। এভাবে থাকার আর সুযোগ নেই। গত ২৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ