চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একই স্থানে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো, উপজেলা পরিষদ চত্তর ও এর আশপাশে সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
তিনি বলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খাঁন সোমবার সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ডে সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অতিরিক্ত ৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান বলেন, উপজেলা চেয়ারম্যানের নারী ঘটিত কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিধায় তার বহিস্কারের দাবীতে আমরা কিছুদিন আগেও মানববন্ধন করেছি। আজও শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম কিন্তু আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতেই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পাল্টা কর্মসূচি ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করে যারা দলীয় পদে থেকে দলের বিপক্ষে কাজ করেছে তারই প্রতিবাদে আজ সমাবেশ আহ্বান করা হয়েছিল।
উল্লেখ্য, কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারী ঘটিত একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে বাস-স্ট্যান্ড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খাঁন নেতৃত্বে একটি পক্ষ আজ সোমবার সকালে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।। অপর দিকে আরেকটি পক্ষ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর নেতৃত্বে গত ইউপি নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেনি তারই প্রতিবাদে সমাবেশ আহ্বান করলে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল ৭টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
