লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:২০

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের নাম মো. রাসেল (৩৮)। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

স্বজনরা জানিয়েছে, নিহতের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় । রাজধানীর উত্তর মাদারটেক সবুজবাগ এলাকায় থাকতেন তিনি। তার দুটি ছেলেও রয়েছে।

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাক/কেএইচ