পাকিস্তানের জার্সিতে আর খেলবেন না হাফিজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:০০

টেস্টকে বিদায় দিয়েছেন ২০১৮ সালে। ২০১৯ বিশ্বকাপের পর নির্বাচকরা আর তাকে ওয়ানডে দলের যোগ্য মনে করছে না। তবে টি-২০ দলে ঠিকই নিয়মিত সদস্য ছিলেন মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মাসে বাংলাদেশ সিরিজে না খেলায় একটা ইঙ্গিত মিলেছিল বটে। অবশেষে সেটাই সত্যি হলো।

২২ গজের লড়াইয়ে পাকিস্তানের জার্সি গায়ে আর খেলবেন না মোহাম্মদ হাফিজ। গতকাল আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন ৪১ বছর বয়সি এই ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-২০ খেলেন হাফিজ। তিন ফরম্যাটে ব্যাট হাতে করেছেন ১২ হাজার ৭৮০ রান। কিছুদিন আগেও রমিজ রাজার সঙ্গে দ্বন্দ্ব ছিল তার। রাজা পিসিবি সভাপতি হওয়ার পর কেউ কারো দিকে তির ছুড়েননি।

অবসরের সিদ্ধান্তে রাজার কোনো ভূমিকা আছে কি না এমন প্রশ্নে  হাফিজ বলেন, ‘আজ (গতকাল) অসাধারণ সফর থেকে আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি, যা শুরু করেছিলাম ১৮ বছর আগে। পুরো ১৮ বছর আমি যা কিছুই খেলেছি, তাতে পাকিস্তানকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। সিদ্ধান্তটি হূদয় থেকে নিয়েছি আমি, কোনো সমালোচকের কথা শুনে নয়।’