ব্রিটিশ রানির ‘এমবিই’ খেতাব অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. মো. সেলিমের ছেলে শেহরিন সেলিম রিপন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর ব্রিটেনের রানির জন্মদিন ও নববর্ষে এই খেতাব প্রদান করা হয়।
যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় চার নেতা পরিষদের সহ-সভাপতি হিসেবে এবং বাংলাদেশে ‘শহীদ ক্যাপটেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতির দায়িত্ব পালন করছেন শেহরিন সেলিম রিপন। পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করে আসছেন তিনি।
লন্ডনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতার জন্য শুরু করেছিলেন ‘কর্ম স্বাধীন’ নামে একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত ৫ সহস্রাধিক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
এর আগে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সেবার জন্য (লন্ডন, গ্রেটার লন্ডন) নতুন বছরে মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হয়েছিলেন মো. শেহরিন সেলিম রিপন ।
