পাখির কলকাকলিতে মুখর চাটমোহরের চিরইল বিল 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৮:১৮

চারিদকে শুধু পাখি আর পাখি। যতদূর চোখ যায় শুধুই পাখির ওড়াউড়ি। হাজারো পাখির কিচিরমিচির শব্দ আর ডানামেলার দৃশ্যপট মুগ্ধ করবে যে কাউকেই। এমন দৃশ্য এখন পাবনার চাটমোহর উপজেলার চিরইল বিলে। এখানে অতিথি পাখির সঙ্গে রয়েছে দেশি পাখি। 

সন্ধ্যার পর বিলপাড়ের গ্রামগুলো মুখরিত হয়ে ওঠে। গাছে গাছে পাখির কচিরমিচির। শীত মওসুমের শুরুতেই বিভিন্ন প্রজাতির অতিথি (বিদেশি) ও দেশি পাখির কলকাকলিতে মুখরিত চিরইল বিল।

শিক্ষক এম এ জিন্নাহ জানান, প্রকৃতির মধ্যে আনন্দ উপভোগের অন্যতম স্থান হচ্ছে চিরইল বিল। প্রকৃতির সব সৌন্দর্যই এখানে আছে। কাছ থেকে পাখি দেখা সত্যিই আনন্দের। চিরইল বিলে বক, শালিক, ডাহুকসহ হরেক রকম পাখির সঙ্গে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখির মিতালি। যেন বন্ধুত্বপরায়ণ বাংলাদেশেরই প্রতিচ্ছবি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, শুধু চিরইল বিল নয়, চলনবিলে এসেছে অতিথি পাখি। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আমরা এ বিষয়ে সচেতন। 

ইত্তেফাক/এএএম