শুটিংয়ে নতুন কোচ, টার্গেট বড় দুই গেমস

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৮:৪৮

দেশের শুটিং নিয়ে নতুন করে সম্ভাবনার দুয়ার খুলতে চাইছে বাংলাদেশ শুটিং স্পোটস ফেডারেশন। ইরানি কোচ এনেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ হতে কাজ শুরু করে দেবেন। ইরানি কোচ মোহাম্মদ জায়ের রেজাই এবারই প্রথম বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল হলেও এবার নতুন করে ৫০ মিটার রাইফেল ইভেন্টে নিয়ে টার্গেট করেছে ফেডারেশন। 

ইরানি এই কোচ মূলত ৫০ মিটার রাইফেল ইভেন্টের। তাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে আগামী ২০২৪ অলিম্পিক গেমস। প্যারিসে হবে অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিক গেমস নিয়ে টার্গেট হলেও শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল আহমেদ অপু জানিয়েছেন, এশিয়ান গেমসও তাদের বড় টার্গেট। তিনি বলেন, ‘অলিম্পিক গেমসকে টার্গেট করে আমরা ইরানি কোচ এনেছি। অলিম্পিক গেমস থাকবে তবে এই গেমসের আগে এশিয়ান গেমস রয়েছে এবছর সেপ্টেম্বরে। সেখানে আমাদের পদক জয়ের পরিকল্পনা করেছি। সেই রেজাল্ট দেখে অলিম্পিকের টার্গেটও নতুন করে সাজিয়ে নেব।’

বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে মোহাম্মদ জায়ের রেজাই ইরান জাতীয় দলের কোচ ছিলেন। তার হাতে দায়িত্ব পালন করার সময় ইরান পদক পেয়েছে। সেই সাফল্যের কথাগুলো গতকাল গুলশানের শুটিং কমপ্লেক্সে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বলছিলেন জায়ের রেজাই। ৩২টি আন্তর্জাতিক পদক পেয়েছেন আর দুই বার অলিম্পিক কোটা পেয়েছিল ইরান। ঢাকায় এসেছেন দুই দিন আগে। গতকাল শুটারদের সঙ্গে কথা বলেন এবং শুটিং রেঞ্জ ঘুরে দেখেন।

ইন্তেখাবুল হামিদ অপু বললেন, ‘এশিয়ান গেমসে আমাদের পারফরম্যান্স কেমন হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।’ তিনি জানালেন, ‘প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে তিনটা স্তর করা হয়েছে। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ এবং সিনিয়র দল। এই তিনটি দলকে তৈরি করার কথা হলেও ইরানি কোচ মূলত বেশি জোর দেবেন ইয়াং শুটারদের দিকে।’ অপু বললেন, ‘তরুণদের ফোকাস করতে চাই, কারণ আমাদের টার্গেট অনেক দূর।’

ইরানি কোচের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের তিন জন শারমীন আক্তার রত্না, শিপলু এবং চন্দন। ফেডারেশন জানাল, ইরানি কোচকে বেতন দিতে হবে সাড়ে ৬ হাজার ডলার। 

ইত্তেফাক/ ইআ