জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:০২

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।  

ওয়েবিনারে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, জেনারেল কাসেম সোলায়মানির মতো ন্যায় দক্ষ সেনানায়ক সচরাচর পাওয়া যায় না। তিনি ছিলেন ‘সেল্ফ মেইড ম্যান’ ও ‘সেল্ফ মেইড জেনারেল’। তিনি আল্লাহ প্রদত্ত শক্তি ও মেধায় বলীয়ান ছিলেন। সেই শক্তিতে বলীয়ান হয়েই তিনি নিজেকে গঠন করেছিলেন এবং তিনি তার ভূমিকা পালন করে শাহাদাত বরণ করেন। 

বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার বলেন, জেনারেল কাসেম সোলায়মানি এমন এক ব্যক্তি ছিলেন, যিনি শাহাদাতের পর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তিনি ছিলেন গ্রামের অধিবাসী ও সাধারণ পরিবারের সদস্য। তিনি এটি নিয়ে গর্ববোধ করতেন। তিনি ২২ বছর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু তিনি নিজেকে একজন সৈনিক হিসেবে পরিচয় দিতেন। এমনকি তার অসিয়তনামায় তিনি তার কবরের ওপর সৈনিক পদবি লিখার জন্য বলেন। তিনি সামরিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। 

তিনি বলেন, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আফগানিস্তানসহ অনেক দেশ তাদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে জেনারেল কাসেম সোলায়মানির কাছে ঋণী। 

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর ড. সাইয়্যেদ হাসান সেহাত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামালউদ্দিনের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, রেডিও তেহরানের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক জামালউদ্দিন বারী, রাজধানীর মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক ও  খুলনা ইসলামিক স্টাডিজ সেন্টারের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। 

ইত্তেফাক/এএএম