বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সাবেক কিউই ক্রিকেটার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০৪

জয়ের লক্ষ্যে আর কয়েক ঘণ্টা পরই মাউন্ট মঙ্গানুইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কোনো অঘটন না ঘটলে জয়টা যে বাংলাদেশ পেতে যাচ্ছে সে ব্যাপারে আত্মবিশ্বাসী প্রায় সবাই। তবে খেলাটা ক্রিকেট বলেই এখনো ফল নিয়ে কেউ নিশ্চয়তা দিতে পারছে না। যদিও ম্যাচের প্রথম দিন বাংলাদেশের পরাজয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সাবেক কিউই ওপেনার মার্ক রিচার্ডসন।

তবে এখন তিনি বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। স্পার্ক স্পোর্টস টিভির বিশ্লেষণী আলোচনায় মার্ক রিচার্ডসন বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোর তখন (প্রথম দিন) ১ উইকেটে ৬৬ রান। তখন আমি বলেছিলাম, বাংলাদেশ এই টেস্ট নিশ্চিতভাবেই হারতে যাচ্ছে। এখন থেকেই নিউজিল্যান্ড জয়ের পথে এগোচ্ছে।’

সাবেক কিউই ওপেনার মার্ক রিচার্ডসন

কিন্তু ওইদিনই দ্বিতীয় ও তৃতীয় সেশনে ম্যাচের মোড় পুরো ঘুড়িয়ে দেয় বাংলাদেশি বোলাররা। একদিনেই পাঁচ উইকেট তুলে নিয়ে দিনটি নিউজিল্যান্ডের হতে দেয়নি তারা। এরপরের দুইদিন তো পুরোপুরি দাপট দেখিয়েছে মুমিনুল বাহিনী। এখন বাংলাদেশ শিবিরে জয়ের স্বপ্ন। কাল প্রথম সেশনে স্বাগতিকদের পাঁচটি উইকেট তুলে নিতে পারলেই হবে। বাকি কাজটা বাংলাদেশি ব্যাটাররা করে দিতে পারবে।

তাইতো ভুল ভবিষ্যদ্বাণী করে এখন ক্ষমা চাচ্ছেন মার্ক রিচার্ডসন। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি এখন বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, ওই মুহূর্ত (প্রথম দিন) থেকে সারা বিকেল বাংলাদেশ দল দাপট দেখিয়েছে। ওরা এখন যে অবস্থানে আছে, সে জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।’

ইত্তেফাক/টিএ