গাইবান্ধায় মেম্বার প্রার্থীর সমর্থককে ‘গলা কেটে হত্যা’ 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৯

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে এক মেম্বর প্রার্থীর সমর্থককে  গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে।  নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। বুধবার (৫ জানুয়ারি) পৌনে ৩টার দিকে সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।  গাইবান্ধার  অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ইলিয়াস জিকো এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলার সময় বিকেলে পৌনে ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আবু তাহেরকে একা পেয়ে  ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে দেন।  রাসেলকে উদ্ধার করে পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতোলা  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, জুম্মারবাড়ি ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে নির্বাচনি সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে ফুলছড়ির ৬ ইউপির একটিতে (কঞ্চিপাড়া) ও সাঘাটার ৯ ইউপির দুটি (পদুমশহর ও বোনারপাড়া) ইউপির ২৮টি কেন্দ্রে ইভিএমে। বাকি ১৩ ইউপির ১২৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটে ১৬টি ইউপির ৩ লাখ ২৬ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৯৩, সাধারণ সদস্য পদে ৬২৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৫ জন প্রার্থী।

ইত্তেফাক/এনই