নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিতে ঘুষ নিতে এসে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০)।
উপজেলার সনমান্দির উত্তর জাইদেরগাঁও এলাকার রাকিব (২১) নামে এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিতে তারা ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বুধবার নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াউর রহমান ডিবি পুলিশ পরিচয়দানকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠির নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) এসআই ইয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের উত্তর জাইদেরগাঁও গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে রাকিব নামে এক যুবককে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ সময় সন্দেহ হলে এলাকাবাসীর হাতে আটক হন রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই প্রতারককে আটক করে নিয়ে যায়। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।
