ভাণ্ডারিয়ার ইকড়িতে জাতীয় পার্টি-জেপি সমর্থিত আব্দুল হাই চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৫:০৯

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম-আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐ ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্র ও ৫২টি বুথে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. হুমায়উন কবির পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট এবং আব্দুল হাই হাওলাদার পেয়েছেন ৬ হাজার ৪০২ ভোট। ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে আব্দুল হাই হাওলাদার দ্বিতীয়বারের মতো ঐ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। 

উল্ল্যেখ, এ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে এর পূর্বে ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন, ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন ও ২ নম্বর নদমূলা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জাতীয় পার্টি-জেপি মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে মোট চারটি ইউনিয়নে জেপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।

 

ইত্তেফাক/ ইআ